• ৫ অগ্রহায়ণ ১৪৩৩, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

New Coach

খেলার দুনিয়া

SC East Bengal-New Coach : ‌এসসি ইস্টবেঙ্গলের কোচের পদে সেই পুরনো মুখ, কে পেলেন দায়িত্ব?‌

মানোলো দিয়াজের পরিবর্ত কে হবেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। অনেকগুলো নাম ভেসে উঠলেও দৌড়ে এগিয়েছিলেন মারিও রিবেরা। প্রত্যাশামতোই তাঁকে বাকি মরশুমের জন্য কোচ নিয়োগ করলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। বছরের প্রথম দিনই কোচ হিসেবে তাঁর নাম সরকারিভাবে ঘোষণা করে হয়েছে। অনেক প্রত্যাশা নিয়ে স্পেনের মানোলো দিয়াজকে কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু প্রত্যাশাপূরণে ব্যর্থ এই স্প্যানিশ কোচ। চলতি আইএসএলে দলকে একটা ম্যাচেও জয় এনে দিতে পারেননি দিয়াজ। লালহলুদ কর্তারা চেয়েছিলেন দিয়াজ নিজে থেকে সরে যান। কিন্তু আর্থিক ক্ষতিপূরণের বিষয়টা চূড়ান্ত না হওয়ায় তিনি পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না। অবশেষে বেশ কয়েকদফা বৈঠকের পর আর্থিক ক্ষতিপূরণের ব্যাপারে দুই পক্ষ একমত হয়। তারপর কর্তাদের চাপে পদত্যাগ করেন দিয়াজ। দিয়াজ পদত্যাগ করার পরপরই সহকারী কোচ রেনেডি সিংকে অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে বলেন কর্তারা। তার মাঝেই নতুন কোচের সন্ধানে নেমে পড়েন। এসসি ইস্টবেঙ্গলের কর্তারা চাইছিলেন এমন একজন কোচকে দায়িত্ব দিতে, যিনি ভারতীয় ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল। এলকো শাতোরি, মারিও রিভেরাদের নাম সামনে আসে কর্তাদের। শাতোরি নিজেই লালহলুদ কর্তাদের প্রস্তাব নাকচ করে দেন। মারিও রিভেরা রাজি হন। শেষ পর্যন্ত তাঁকেই দায়িত্ব দেওয়া হল। এর আগে লালহলুদে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মারিও রিভেরার। ২০১৮১৯ সালে তিনি আলেসান্দ্রো মেন্ডেজের সহকারী হিসেবে কাজ করেছিলেন। ২০২০ সালে কর্তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে আলেসান্দ্রো মেন্ডেজ পদত্যাগ করে দেশে ফিরে যান। তখন লালহলুদ কর্তারা মারিও রিভেরাকে আই লিগের বাকি ৭ ম্যাচের জন্য দায়িত্ব দেন। তাঁর কোচিংয়ে ইস্টবেঙ্গল আই লিগে রানার্স হয়। প্রত্যাবর্তনের আশায় তাই আবার সেই পুরনো কোচেরই শরণাপন্ন হলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। সোমবার ভারতে চলে আসবেন মারিও রিভেরা। তবে ৪ জানুয়ারি বেঙ্গালুরু এফসি ম্যাচে তিনি রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না। বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে তিনি দলের দায়িত্ব নেবেন।

জানুয়ারি ০১, ২০২২
খেলার দুনিয়া

SC East Beengal-Perosevic : এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হলেন?‌ রেফারিকে মেরে ৫ ম্যাচ নির্বাসিত পেরোসেভিচ

দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে মঙ্গলবার সকালে পদত্যাগ করেছেন এসসি ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ। বেশ কয়েকজন কোচের নাম নিয়ে আলোচনা চলছে। এলকো শাতোরি, ফিলিপ ডিরাইডার, মারিও রিবেরো, আলেজান্দ্রো মেন্ডেজদের নাম নিয়ে আলোচনা চলছে। নতুন কোচের সঙ্গে চুক্তি করতে কয়েকদিন সময় লাগবে। তারপর কোয়ারেন্টিন পর্ব মিটিয়ে দলের দায়িত্ব নিয়ে আরও কয়েকটা দিন কেটে যাবে। এই পরিস্থিতিতে দলের সহকারী কোচ রেনেডি সিংকে অন্তর্বতী কোচ হিসেবে দায়িত্ব দিলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। তাঁকে সাহায্য করবেন ম্যানেজারের দায়িত্বে থাকা মৃদুল ব্যানার্জি। মানোলো দিয়াজ পদত্যাগ করার পর এই সিদ্ধান্ত নিয়েছেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। লালহলুদে যোগ দেওয়ার সময় সহকারী হিসেবে স্পেনেরই অ্যাঞ্জেল পাবলো গার্সিয়াকে নিয়ে এসেছিলেন মানোলো দিয়াজ। তিনিও পদত্যাগ করেছেন। দুজনই এখন দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। দুই কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার। ক্লাবের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, চলতি মরশুমে অবদানের জন্য হোসে ও অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানাচ্ছি। ওদের জন্য শুভকামনা রইল।মানোলো দিয়াজ পদত্যাগ করে ক্লাব কর্তাদের স্বস্তি দিলেও আরও বড় অস্বস্তিতে পড়েছে এসসি ইস্টবেঙ্গল। আন্তোনীয় পেরোসেভিচকে ৫ ম্যাচের জন্য নির্বাসিত করেছে ভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে রেফারির সিদ্ধান্তে অখুশি হয়ে তাঁকে সরাসরি ধাক্কা মেরেছিলেন পেরোসেভিচ। রেফারি তাঁকে লালকার্ড দেখান। ২৪ জানুয়ারি হায়দরাবাদ এফসি ম্যাচে তিনি খেলতে পারেননি। অর্থাৎ এক ম্যাচ নির্বাসিত ইতিমধ্যেই হয়ে গেছে। এখনও ৪ ম্যাচ মাঠের বাইরে কাটাতে হবে। তবে এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারবেন পেরোসেভিচ। ১০ দিনের মধ্যে তাঁকে আবেদন করতে হবে। একেই আইএসএলে এখনও জয় নেই। তার ওপর পেরোসেভিচের নির্বাসন। এসসি ইস্টবেঙ্গলে একমাত্র পেরোসেভিচই ভাল খেলছিলেন। তিনি না থাকলে সমস্যায় পড়তে হবে। সব মিলিয়ে কঠিন সমস্যায় লালহলুদ শিবির।

ডিসেম্বর ২৮, ২০২১
খেলার দুনিয়া

ATK Mohun Bagan : হাবাসের জায়গায় এফসি গোয়ার কোচ জুয়ান ফেরান্দোকে হাইজ্যাক করে নিয়ে আসছে এটিকে মোহনবাগান!‌

আন্তোনীয় লোপেজ হাবাসের জায়গায় এফসি গোয়ার কোচকে হাইজ্যাক করে নিয়ে আসছেন এটিকে মোহনবাগান কর্তারা! সবকিছু ঠিকঠাক থাকলে দুএকদিনের মধ্যেই সবুজমেরুণের হেড কোচ হিসেবে যোগ দিচ্ছেন জুয়ান ফেরান্দো। এফসি গোয়াও এই স্প্যানিশ কোচকে রিলিজ দিতে রাজি হয়েছে।শনিবার কর্তাদের চাপেই পদত্যাগ করেন এটিকে মোহনবাগান কোচ আন্তেনীয় লোপেজ হাবাস। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে হাবাসের সহকারী ম্যানুয়েল কাসকালানাকে দায়িত্ব দেন এটিকে মোহনবাগান কর্তারা। পাশাপাশি নতুন কোচের সন্ধানও করতে থাকেন। হোসে মলিনার কথা ভেবেছিলেন সবুজমেরুণ কর্তারা। কিন্তু স্পেন থেকে ভারতে এসে কোয়ারেন্টিন পর্ব মিটিয়ে দলের দায়িত্ব নিতে মলিনার অনেকটা সময় কেটে যেত। তাই শেষ পর্যন্ত মলিনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া হয়। এরপর এফসি গোয়ার কোচ জুয়ান ফেরান্দোকে প্রস্তাব দেন এটিকে মোহনবাগান কর্তারা। তিনি সবুজমেরুণ কর্তাদের প্রস্তাবে রাজি হয়ে যান।জুয়ান ফেরান্দো এটিকে মোহনবাগান কর্তাদের কথায় রাজি হলেও অন্য সমস্যা দেখা দেয়। তিনি সবুজমেরুণ কর্তাদের প্রস্তাবে সম্মত হওয়ার পর এফসি গোয়ার কর্তাদের কাছে রিলিজ চান। তাঁর এই আচরণে প্রচন্ড রেগে যান এফসি গোয়ার কর্তা অক্ষয় ট্যান্ডন। প্রথম দিকে এফসি গোয়ার কর্তারা তাঁকে ছাড়তে রাজি হচ্ছিলেন না। বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে এফসি গোয়ার কর্তারা শেষ পর্যন্ত জুয়ান ফেরান্দোকে রিলিজ দিতে রাজি হন।হাবাস পদত্যাগ করায় তাঁর নিয়ে আসা সাপোর্ট স্টাফরাও আর এটিকে মোহনবাগানে থাকবেন কিনা এটাই দেখার। তবে জুয়ান ফেরান্দো গোয়া থেকে ফিটনেস ট্রেনারকেও এটিকে মোহনবাগানে নিয়ে আসছেন। হাবাসকে সরানোর পেছনে উঠে আসছে নানা কারণ। দলের অন্দরমহল থেকে জানা গেছে, ফুটবলারদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন হাবাস। যার ফলে একেকটা ম্যাচে পয়েন্ট হারিয়ে ফুটবলারদের মধ্যে দোষারোপের পালা চলছে। এই পরিস্থিতি সামাল দিতেই হাবাসকে সরানোর সিদ্ধান্ত নেন এটিকে মোহনবাগান কর্তারা।এদিকে, এসসি ইস্টবেঙ্গলের কোচ বদলের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ইতিমধ্যেই নতুন কোচের সন্ধানে নেমে পড়েছেন কর্তারা। ভারতীয় কোচ যেমন সন্ধান করা হচ্ছে, তেমনই বিদেশি কোচের দিকেও নজর রয়েছে। দল বদলের দ্বিতীয় উইন্ডোতে ছাঁটাই করা হচ্ছে টমিস্লাভ মার্সেলো, আমির দেরভিসেভিচকে।

ডিসেম্বর ১৯, ২০২১
খেলার দুনিয়া

T20 World cup : কীভাবে চুক্তি ভেঙে বার্সেলোনাতে প্রত্যাবর্তন করলেন জাভি হার্নান্ডেজ?‌ জানতে পড়ুন

কোচ নিয়োগ নিয়ে চূড়ান্ত নাটক বার্সেলোনাতে। একের পর এক ব্যর্থতায় কোচ রোনাল্ড কোম্যানের ওপর তিতিবিরক্ত ছিলেন বার্সা কর্তারা। লক্ষ্য ছিল জাভি হার্নান্ডেজকে কোচ হিসেবে নিযুক্ত করা। কিন্তু কাতারের আল সাদের সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি থাকায় জাভিকে পাওয়া অসুবিধা ছিল। কোম্যানকে সরিয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সের্জিও বারজুয়ানকে নিয়োগ করেছিলেন বার্সা কর্তারা। কিন্তু জাভি হার্নান্ডেজের আশা ছাড়েননি। অবশেষে লক্ষ্যে সফল বার্সা কর্তারা। যাবতীয় উৎকন্ঠার অবসান ঘটিয়ে আল সাদ ছেড়ে বার্সেলোনার দায়িত্ব নিচ্ছেন জাভি হার্নান্ডেজ। ২০২২ কাতার বিশ্বকাপের শেষ পর্যন্ত জাভি হার্নান্ডেজের সঙ্গে চুক্তি ছিল আল সাদের। তা সত্ত্বেও ছেলেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ঝাঁপিয়েছিলেন বার্সা কর্তারা। আল সাদের কর্তাদের কাছে জাভিকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোদ জানিয়েছিলেন। আল সাদ কর্তারা রাজি হননি। শেষ পর্যন্ত বার্সেলোনার ভাইসপ্রেসিডেন্ট রাফা ইউসে এবং ফুটবল ডিরেক্টর মাতেও আলাম্যানি দোয়া উড়ে যান জাভিকে ছাড়ার ব্যাপারে আল সাদ কর্তাদের রাজি করাতে। কিন্তু তাঁরা বার্সেলোনার কর্তাদের প্রস্তাবে রাজি হননি। এরপরই বার্সেলোনার কর্তারা রোনাল্ড কোম্যানকে সরিয়ে অস্থায়ী কোচ হিসেবে সের্জিও বারজুয়ানকে নিয়োগ করেন। তাঁদের পরিকল্পনা ছিল কাতার বিশ্বকাপ শেষ হলেই স্থায়ী কোচ হিসেবে জাভি হার্নান্ডেজকে নিয়োগ করার। তবে জাভিকে পাওয়ার ব্যাপারে হাল ছাড়েননি বার্সা কর্তারা। অন্যদিকে, জাভিও বার্সাতে ফেরার জন্য উদগ্রীব ছিলেন। আল সাদের সঙ্গে কীভাবে চুক্তি ছিন্ন করে বেরিয়ে আসা যায়, সেই রাস্তাও তিনি খুঁজছিলেন। জাভি বলেছিলেন, আমি বার্সাতে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। কিন্তু আল সাদের সঙ্গে আমার চুক্তি রয়েছে। দুটি ক্লাবকে নিজেদের মধ্যে আলোচনা করে রাস্তা বার করতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে জাভিকে নেওয়ার জন্য প্রচুর অর্থ বার্সাকে ব্যয় করতে হয়েছে। শেষ পর্যন্ত বার্সা কর্তারা আল সাদকে ক্ষতিপূরণ দিয়েই জাভিকে নিতে রাজি হন। আল সাদের সিইও তুর্কি আলআলি বলেছেন, জাভির সঙ্গে আমাদের ২০২২ বিশ্বকাপের শেষ পর্যন্ত চুক্তি ছিল। শর্ত ছিল, চুক্তি ছিন্ন করলে ক্ষতিপূরণ দিতে হবে। শর্তানুযায়ী বার্সা কর্তারা অর্থ দিতে রাজি হওয়ায় জাভিকে ছেড়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও বার্সেলোনাকে আমরা সাহায্য করব। ২০১৫ সালে বার্সেলোনা ছেড়ে খেলার জন্য আল সাদে যোগ দিয়েছিলেন জাভি হার্নানন্ডেজ। ২০১৯ সালে কোচ হিসেবে দায়িত্ব নেন। নতুন ভুমিকায় দলকে দারুণ সাফল্য এনে দিয়েছিলেন জাভি। বার্সেলোনার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, জাভির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। ঘরে ফেরার জন্য স্বাগত। রবিবারই দোহা থেকে কাতার পৌঁছবেন জাভি। সোমবার বার্সিলোনার নতুন কোচ হিসেবে তাঁকে তুলে ধরা হবে। জাভির প্রত্যাবর্তনে খুশির হাওয়া ন্যু ক্যাম্পে।

নভেম্বর ০৬, ২০২১
খেলার দুনিয়া

I‌ndia Coach : ভারতীয় কোচের দায়িত্ব আবার এক অস্ট্রেলিয়ানের হাতে?‌

ভারতীয় হেড কোচের দায়িত্ব কি আবার এক অস্ট্রেলিয়ানের হাতে যাবে? তেমন সম্ভাবনাই তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতের কোচের পদে ঘোরাফেরা করা টম মুডির নাম আবার ভেসে উঠেছে। গ্রেগ চ্যাপেলের পর আবার এক অস্ট্রেলিয়ানের হাতে ভারতীয় ক্রিকেটারদের দায়িত্ব অর্পিত হলে অবাক হওয়ার কিছু থাকবে না। টি২০ বিশ্বকাপের পরই দায়িত্ব শেষ হচ্ছে হেড কোচ রবি শাস্ত্রীর। তাঁর পাশাপাশি অন্য কোচিং স্টাফদেরও মেয়াদ শেষ হবে। পুরো কোচিং স্টাফ খোলনলচে বদলে ফেলতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মধ্যে কে ভারতীয় দলের কোচ হবেন তা নিয়ে জোর কল্পনা। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি চেয়েছিলেন অনিল কুম্বলেকে হেড কোচ করতে। কিন্তু বোর্ডের অনেক কর্তারই আপত্তি কুম্বলেকে নিয়ে। কারণ এর আগে তিনি যখন কোচের দায়িত্বে ছিলেন, অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক বেশ খারাপ হয়েছিল কুম্বলের। সেই দলের অনেক ক্রিকেটারই এখন দলে রয়েছেন। তাই কুম্বলেকে আবার কোচ হিসেবে চাইছেন না বাকি বোর্ড কর্তারা। তাছাড়া কুম্বলের বিরুদ্ধে যাচ্ছে আইপিএলে পাঞ্জাব কিংসের ব্যর্থতা। ভারতীয় দলের পাশাপাশি পাঞ্জাব কিংসের কোচ হিসেবেও তেমন কোনও ভাল রেকর্ড নেই কুম্বলের। তিনিও নাকি এখন আর কোচ হতে চাইছেন না। ভিভিএস লক্ষ্মণকেও হেড কোচের পদে বসানোয় সায় নেই অনেক বোর্ড কর্তার। রাহুল দ্রাবিড় এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব ছেড়ে বিরাট কোহলিদের দায়িত্ব নিতে রাজি নন। ফলে হেড কোচের জন্য বিদেশিদের দিকেই ঝুঁকছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বীরেন্দ্র শেহবাগ অবশ্য ভারতীয় দলের কোচ হতে আগ্রহী। কিন্তু তাঁর হেড কোচ হওয়ার সম্ভাবনা নেই। সহকারীর দায়িত্ব পেতে পারেন। মহম্মদ কাইফকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে। এই পরিস্থিতিতে হে়ড কোচের দৌড়ে ভেসে বেড়াচ্ছে টম মুডির। ২০০৫ সালে যখন গ্রেগ চ্যাপেলকে কোচ করা হ্য তখনও টম মুডির নাম উঠেছিল। ২০১৭ ও ২০১৯ সালে তিনি কোচ হতে আগ্রহী ছিলেন। মুডি এখনও চাইছেন ভারতীয় দলের কোচ হতে। তাঁর কোচিংয়ে ২০০৭ সালে শ্রীলঙ্কা ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল।

অক্টোবর ০৯, ২০২১
খেলার দুনিয়া

‌SC East Bengal : রিয়েল মাদ্রিদের গন্ধমাখা কোচ এবার এসসি ইস্টবেঙ্গলের দায়িত্বে

রবি ফাউলারের জন্য অপেক্ষা করেছিলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। কয়েকদিন আগেও এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, চলতি মাসের শেষেই গোয়াতে দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন রবি ফাউলার। কিন্তু রবি ফাউলার আসছেন না। এই মরশুমে তিনি লালহলুদকে কোচিং করাবেন না। তাঁর পরিবর্তে স্পেনের ম্যানুয়েল দিয়াজ বা মানোলো দিয়াজ এসসি ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্বে। এই স্প্যানিশ কোচের সঙ্গে বুধবার চুক্তি চূড়ান্ত হয়েছে। আইএসএলের গত মরসুমে এসসি ইস্টবেঙ্গকে কোচিং করিয়েছিলেন লিভারপুল কিংবদন্তী রবি ফাউলার। লালহলুদে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। গত মরসুমে আইএসএলে অষ্টম স্থান দখল করতে সক্ষম হয়েছিল এসসি ইস্টবেঙ্গল। রবিই ফাউলারের দল জিতেছিল মাত্র তিনটি ম্যাচে। ৮টি ম্যাচ হেরেছিল। ৯টি ম্যাচ ড্র করে মোট ১৭ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছিল রবি ফাউলারের দল। তাঁর পরফরমেন্সে সন্তুষ্ট ছিলেন না এসসি ইস্টবেঙ্গল কর্তারা। যেহেতু রবি ফাউলারের সঙ্গে ২ বছরের চুক্তি ছিল, তাই তাঁকে ছেঁটে ফেলতে পারছিলেন না। শেষ পর্যন্ত দুই পক্ষের সম্মতিতে বিচ্ছেদ হল। ফাউলারের জায়গায় ২০২১-২০২২ মরসুমের জন্য এসসি ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ হলেন ম্যানুয়েল দিয়াজ বা মানোলো দিয়াজ। বুধবার ক্লাবের তরফে এক বিবৃতি জারি করে এ খবর জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদের যুব, বি ও সি দলকে কোচিং করানো এই স্প্যানিশ কোচ ২০ বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। ফুটবলার হিসেবে মানোলো কেরিয়ার গ্রাফ খুব একটা উর্ধ্বমুখী না হলেও কোচ হিসেবে তাঁর সফলতা এবং অভিজ্ঞতা বেশ উল্লেখযোগ্য। কোচ হিসেবে ৩২৮টি ম্যাচ খেলানো মানোলোর জয়ের হার ৪১.৭৭ শতাংশ। ২০১৮-২০১৯ মরসুমে রিয়াল মাদ্রিদ কাস্তিলার কোচ হিসেবে জয়ের হার ৪৬.৬৬ শতাংশ।এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হওয়ার পর দলকে সাফল্য এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ম্যানুয়েল দিয়াজ। তিনি বলেছেন, বড় ক্লাবে কোচিং করানোর ক্ষেত্রে চাপ ও প্রত্যাশা সামলানোর অভিজ্ঞতা আমার আছে। এই রকম চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কম সময়ের মধ্যে ঘর গুছিয়ে অনেকটা রাস্তা পেরোতে হবে। এসসি ইস্টবেঙ্গল ফ্যানদের স্বার্থে ফুটবলারদের থেকে সেরাটা বের করে আনা আমার প্রধান কাজ।

সেপ্টেম্বর ০৮, ২০২১

ট্রেন্ডিং

দেশ

মায়ের অভিযোগে থানায় ডাকা হয়েছিল, সেখানেই ৫ পুলিশকে ছুরি দিয়ে কোপ! দিল্লিতে ভয়ংকর কাণ্ড

দিল্লির জামা মসজিদ থানায় ভয়াবহ ঘটনা। থানার ভিতরে ঢুকে ছুরি দিয়ে পুলিশকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল ৩০ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পাঁচ পুলিশকর্মী আহত হন। তার পর থানা থেকে পালিয়ে যাওয়ার সময় আরও চার পুলিশকর্মীকে ছুরি দিয়ে আঘাত করে ওই যুবক। শেষ পর্যন্ত তাঁকে থামাতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। অভিযুক্তের দুই পায়ে মোট ছটি গুলি লাগে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নাবিল। তাঁর মা ও বোনের অভিযোগের ভিত্তিতে কাউন্সেলিংয়ের জন্য সোমবার দুপুর আড়াইটে নাগাদ তাঁকে থানায় ডাকা হয়েছিল। নাবিল তাঁদের নানা ভাবে হেনস্থা করছেন বলে অভিযোগ জানিয়েছিলেন মা ও বোন। ঘটনার সময় তাঁরাও থানায় উপস্থিত ছিলেন।অভিযোগ, নাবিল পকেটে একটি ছোট ছুরি নিয়ে থানায় এসেছিলেন। পুলিশকর্মীদের সঙ্গে কথা বলার সময় আচমকাই পকেট থেকে ছুরিটি বের করে তাঁদের উপর হামলা চালান তিনি। এই ঘটনায় দুজন সাব-ইনস্পেক্টর, দুজন হেড কনস্টেবল এবং এক জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর আহত হন। তাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর।হামলার পর থানা থেকে পালিয়ে যান নাবিল। রাস্তায় এক ব্যক্তির স্কুটার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল তাঁর পিছনে ধাওয়া করে। প্রায় দুঘণ্টা ধরে চলতে থাকে তল্লাশি ও ধাওয়া। শেষ পর্যন্ত তাঁকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা।কিন্তু পুলিশ তাঁকে ধরতে এগিয়ে যেতেই ফের ছুরি নিয়ে হামলা চালান নাবিল। এই ঘটনায় স্পেশাল স্টাফের আরও চার জন কনস্টেবল আহত হন। পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার জন্য পুলিশ গুলি চালায়। পুলিশ সূত্রে খবর, মোট আট রাউন্ড গুলি চালানো হয়েছিল। তার মধ্যে ছটি গুলি নাবিলের দুই পায়ে লাগে। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তাঁকে দ্রুত লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করানো হয়।এই ঘটনায় মোট নজন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের চিকিৎসা চলছে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে। বাকি পাঁচ জনকে স্যর গঙ্গারাম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে চার জনের অস্ত্রোপচার হয়েছে। এক জনের আঘাত গুরুতর। তাঁর চিকিৎসা চলছে হাসপাতালের জরুরি বিভাগে।পুলিশ জানিয়েছে, নাবিল মানসিক ভাবে সুস্থ। তবে এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। কেন তিনি থানার ভিতরে ঢুকে পুলিশকর্মীদের উপর এমন হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও তাঁর বিরুদ্ধে অপরাধের অভিযোগ ছিল। ২০২২ সালে দরিয়াগঞ্জ থানায় মারামারির ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল।

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

রেখা পাত্রের পর অসুস্থ আরও এক বিজেপি বিধায়ক! তড়িঘড়ি কলকাতায় স্থানান্তর, কী হয়েছে

রাজ্যের আরও এক বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রথমে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল বিজেপি বিধায়ক হেমন্ত বাগকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সোমবার তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। বিধায়কের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।অসুস্থ বোধ করায় প্রথমে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল হেমন্তকে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে পরে তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়। সেই মতো অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের উদ্যোগেই অ্যাম্বুল্যান্সে করে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরামবাগের বিজেপি বিধায়ককে।জানা গিয়েছে, বর্তমানে হেমন্ত বাগের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা। তাঁর ব্যথা কিছুটা কমেছে। তবে কী কারণে এই ব্যথা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। সেই কারণ খুঁজে বের করতে একাধিক পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিধায়কের চিকিৎসায় যেন কোনও রকম খামতি না থাকে।অন্য দিকে, রাজ্যের আরও এক বিজেপি বিধায়ক রেখা পাত্রও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার বিকেলে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পুরোপুরি বিপদমুক্ত নন তিনি। আপাতত ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।হাসপাতাল সূত্রে খবর, রেখা পাত্রের ফুসফুসে লালারস ঢুকে যাওয়ায় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর শ্বাসকষ্টও রয়েছে। ফলে আপাতত হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।সব মিলিয়ে, অল্প সময়ের ব্যবধানে রাজ্যের দুই বিজেপি বিধায়কের অসুস্থতার ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। হেমন্ত বাগের শারীরিক অবস্থার কারণ জানতে পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা। অন্য দিকে, রেখা পাত্রের শারীরিক অবস্থার আরও উন্নতির দিকেই তাকিয়ে রয়েছেন তাঁর পরিবার ও দলের নেতারা।

নভেম্বর ২৩, ২০২৬
বিদেশ

বাংলাদেশে এবার ইউনুসের গ্রামীণ ব্যাঙ্কে হামলা! ১০০টি শাখায় অগ্নিসংযোগের অভিযোগ, দায় কার?

বাংলাদেশে অশান্তি যেন কিছুতেই থামছে না। শেখ হাসিনার সরকারের পতনের পর মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। তার পর থেকেই সে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এ বার সেই অশান্তির আঁচ এসে পড়ল ইউনুসের সঙ্গে যুক্ত গ্রামীণ ব্যাঙ্কেও। অভিযোগ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ওই ব্যাঙ্কের প্রায় ১০০টি শাখায় অগ্নিসংযোগ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মী-সমর্থক হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার একটি বিবৃতি দিয়ে এই ঘটনার কথা জানান মহম্মদ ইউনুস। তাঁর দাবি, গ্রামীণ ব্যাঙ্কের শাখাগুলিতে হামলা চালানোর সময় হামলাকারীদের জয় বাংলা স্লোগান দিতে শোনা গিয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইউনুস জানিয়েছেন, গ্রামীণ ব্যাঙ্কের প্রায় ১ কোটি ১০ লক্ষ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই মহিলা। ব্যাঙ্কের ঋণ আদায়ের হারও ৯৫ শতাংশের বেশি।তবে গ্রামীণ ব্যাঙ্কের মালিকানা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন ইউনুস। তাঁর বক্তব্য, ব্যাঙ্কের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশের মালিক বাংলাদেশ সরকার। ফলে ব্যাঙ্কটির পরিচালনার দায়িত্ব তাঁর হাতে নেই।উল্লেখ্য, ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামীণ ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ইউনুসকে। তার পর থেকে ওই ব্যাঙ্কের সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি।বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইউনুস। তাঁর অভিযোগ, গ্রামীণ ব্যাঙ্কে হামলার সময় ব্যাঙ্কের আধিকারিক এবং ঋণগ্রহীতারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। শুধু গ্রামীণ ব্যাঙ্ক নয়, দেশের বিভিন্ন জায়গায় আরও হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন তিনি।ইউনুসের বিবৃতি অনুযায়ী, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নুসরাত তাবাসসুমের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির তিন সাংসদের বাড়ি এবং তিনটি থানায় হামলার অভিযোগও তুলেছেন তিনি।সব মিলিয়ে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন করে হিংসার অভিযোগ সামনে এসেছে। গ্রামীণ ব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের একাধিক শাখায় হামলার অভিযোগে উদ্বেগ আরও বেড়েছে। কারা এই হামলার পিছনে রয়েছে এবং কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে।

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

রাজ্যজুড়ে আরও ৫০০টি মা আহার ক্যান্টিন, এবার মিলবে নিরামিষ খাবারও! কোথায় শুরু হচ্ছে প্রথম?

রাজ্যে আরও ৫০০টি মা আহার ক্যান্টিন চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর ফলে রাজ্যে এই ক্যান্টিনের সংখ্যা বেড়ে হবে ১,০০০। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জনবহুল এলাকাতেও চালু হবে এই ক্যান্টিন। হাসপাতাল, আদালত, সরকারি দফতর, বাসস্ট্যান্ড, জেটিঘাট, বড় বাজার এবং গুরুত্বপূর্ণ যাতায়াতের জায়গাগুলিতে এই পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। একই সঙ্গে এ বার থেকে মা আহার ক্যান্টিনে নিরামিষ বা সাত্ত্বিক খাবারও পাওয়া যাবে। সোমবার নিউটাউনে গৌরী মেলার উদ্বোধনে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যজুড়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিচালনায় ৫০০টি মা আহার ক্যান্টিন চলছে। সেখানে মাত্র ৫ টাকায় খাবার পান সাধারণ মানুষ। এই প্রকল্পে অতিরিক্ত ১৩৪ কোটি টাকা বরাদ্দ করে সপ্তাহে দুদিন মাছের ব্যবস্থা করা হয়েছে। এ বার আরও ৫০০টি ক্যান্টিন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজের সুযোগও বাড়বে।মা আহার ক্যান্টিনের খাবারের তালিকাতেও নতুন সংযোজন হতে চলেছে। এত দিন এই ক্যান্টিনে মাছ ও ডিম-সহ খাবারের ব্যবস্থা ছিল। এ বার তার পাশাপাশি পাওয়া যাবে নিরামিষ বা সাত্ত্বিক খাবারও। বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, বারাসত থেকে প্রথম এই ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি নবদ্বীপ ও মায়াপুরের মতো বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের বসবাস রয়েছে, এমন জায়গা থেকেও সাত্ত্বিক খাবারের দাবি উঠেছে। তাই বর্তমান খাবারের ব্যবস্থা বন্ধ না করে অতিরিক্ত বিকল্প হিসেবে নিরামিষ খাবার চালু করা হবে। এই ব্যবস্থার জন্য অর্থ দফতর থেকে অতিরিক্ত টাকা বরাদ্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এত দিন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হস্তশিল্প, খাবার, মশলা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে সবলা মেলার আয়োজন করা হত। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই মেলার নতুন নাম হয়েছে গৌরী মেলা। এ বার সেই মেলাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর থেকে শুধু রাজ্য বা জেলা স্তরে নয়, ব্লক স্তরেও গৌরী মেলার আয়োজন করা হবে। এর ফলে গ্রামের মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। তাঁদের আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।স্বনির্ভর গোষ্ঠীগুলির আর্থিক সাহায্য নিয়েও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ২৫০ কোটি টাকা আনা হয়েছে। যাচাইয়ের কাজ শেষ করে ইতিমধ্যেই আড়াই লক্ষ গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ৩০০টি ছোট প্রকল্পও চালু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।এ বছর নিউটাউনের মেলা মাঠে গৌরী মেলায় মোট ২৬০টি স্টল তৈরি করা হয়েছে। মেলার আয়োজনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এ বারই প্রথম একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থাও এই মেলায় অংশ নিয়েছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে নিউটাউনের এই মেলা।এর পর বুধবার কোচবিহারের রাসমেলা মাঠে গৌরী মেলার উদ্বোধন করা হবে। সেখানেও উপস্থিত থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার মহিলাদের হাতে তৈরি বড়ি, আচার-সহ বিভিন্ন খাবার ও হস্তশিল্প কেনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।সব মিলিয়ে, মা আহার ক্যান্টিনের সংখ্যা বাড়ানো, সাত্ত্বিক খাবারের ব্যবস্থা এবং গৌরী মেলাকে ব্লক স্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার।

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

সরকারি চাকরির আবেদনে আর দিতে হবে না টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, উপকৃত হবেন কারা?

সরকারি চাকরির আবেদন করতে আর দিতে হবে না কোনও টাকা। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য যে ফি দিতে হত, তা পুরোপুরি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই স্বস্তি পেয়েছেন সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যুবক-যুবতীরা।মুখ্যমন্ত্রী জানান, এত দিন সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় আবেদন করতে প্রার্থীদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হত। সাধারণ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদনের ফি সবচেয়ে বেশি। অন্য দিকে, পুলিশ নিয়োগের পরীক্ষায় আবেদন করতে দিতে হত ৫০০ টাকা। এ বার থেকে আর সেই টাকা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। আবেদন ফি-র পুরো খরচ বহন করবে রাজ্য সরকার।এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে শুভেন্দু বলেন, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়। তাঁর বক্তব্য, বেকার যুবক-যুবতীদের চাকরির পরীক্ষায় বসার জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করতে হবে না। রাজ্য সরকারই সেই খরচ বহন করবে।শুধু আবেদন ফি মকুব নয়, এ দিন মন্ত্রিসভার বৈঠকের পর বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, স্বাস্থ্য-সহ রাজ্যের বিভিন্ন দফতরে মোট ১০ হাজার ১৪৭ জন কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে কিছু পদে চুক্তির ভিত্তিতেও নিয়োগ হবে।মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের লক্ষ্য মোট এক লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা। আগামী ডিসেম্বর মাসে ১ হাজার ৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি, ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানুয়ারির মধ্যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যে ক্ষমতায় এলে সরকারি চাকরিতে নতুন করে নিয়োগ শুরু হবে। বেকারত্ব কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।সরকারের যুক্তি ছিল, আগের সরকারের আমলে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় বহু যুবক-যুবতী সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ হারিয়েছেন। সেই সমস্যা মেটাতেই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে গ্রুপ এ পদের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪১ বছর। গ্রুপ বি পদের ক্ষেত্রে তা ৪৪ বছর এবং গ্রুপ সি ও ডি পদের ক্ষেত্রে ৪৫ বছর।এ বার সরকারি চাকরির আবেদন ফি পুরোপুরি মকুবের ঘোষণায় চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় সুবিধা তৈরি হল। নিয়োগের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় আবেদন করার আর্থিক চাপও কমাতে চাইছে রাজ্য সরকার। তবে এই সিদ্ধান্ত কবে থেকে এবং কোন কোন নিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা।

নভেম্বর ২৩, ২০২৬
দেশ

বাংলায় মমতা-সিপিএম জোট হবে? জল্পনার মাঝেই বড় কথা জানালেন এম এ বেবি!

বিজেপিকে রুখতে জাতীয় স্তরে তৈরি হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। সেই জোটে রয়েছে বাম, কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল। কিন্তু জাতীয় স্তরে একসঙ্গে থাকলেও বাংলায় কি একই ছবি দেখা যাবে? বিজেপিকে হারাতে কি এ রাজ্যেও হাত মেলাবে তৃণমূল ও সিপিএম? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি জোটে যাবে বামেরা? এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছে। সেই জল্পনার মাঝেই মুখ খুললেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি।মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলায় বিজেপি বিরোধী সব দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। সেই লড়াইয়ে কে লাল, কে নীল, তা বিচার করা হবে না বলেও জানিয়েছিলেন মমতা। অন্য দিকে, বাংলায় অতীতে কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়েছে সিপিএম। তাদের মূল লক্ষ্য ছিল তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরানো।তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দলের কর্মীদের উপর হামলা, খুন এবং ঘরছাড়া করার অভিযোগ বারবার তুলেছে সিপিএম। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পথে নেমে আন্দোলনও করেছে তারা। দলের তরুণ নেতানেত্রী দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য এবং শতরূপ ঘোষও বিভিন্ন সময়ে তৃণমূলের কড়া সমালোচনা করেছেন।এই পরিস্থিতিতে বিজেপিকে রুখতে সেই তৃণমূলের সঙ্গেই কি হাত মেলাবে সিপিএম? তেমনটা হলে দলের কর্মী-সমর্থকদের কাছে কী বার্তা যাবে? সাধারণ মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতাই বা কতটা থাকবে? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে।জাতীয় রাজনীতিতে বিরোধী জোটের অংশ হলেও বিভিন্ন রাজ্যে বাম ও কংগ্রেসের সমীকরণ এক নয়। কেরলে সিপিএম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করে। আবার জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে তারা একজোট। তা হলে বাংলায় তৃণমূলের সঙ্গে সিপিএমের সম্পর্ক কোন পথে এগোবে?এই প্রশ্নের জবাবে এম এ বেবি স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় জোটের সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্বই। তিনি বলেন, আরএসএস-বিজেপিকে হটাতেই জাতীয় স্তরে ইন্ডিয়া জোট। কেরলে কংগ্রেস ও সিপিএম পরস্পরের প্রতিপক্ষ। কিন্তু জাতীয় স্তরে তারা সহযোগী। তাই বাংলায় কী হবে, তা ঠিক করবেন রাজ্য নেতৃত্বই।অন্য দিকে, এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজনীতিতে স্থায়ী বন্ধুত্ব বা স্থায়ী শত্রু বলে কিছু হয় না। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য অবশ্য আলাদা। তিনি বলেন, ওরা সব ডুবন্ত নৌকার মতো। রোজ নিজেদের অবস্থান বদলায়। ওদের নিয়ে আমাদের মাথাব্যথা নেই।সব মিলিয়ে, বাংলায় বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল ও সিপিএমের মধ্যে কোনও সমঝোতা হবে কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত। আপাতত চূড়ান্ত সিদ্ধান্তের ভার রাজ্য নেতৃত্বের হাতেই ছেড়ে দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক। ফলে আগামী দিনে বাংলার রাজনীতিতে নতুন কোনও সমীকরণ তৈরি হয় কি না, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৩, ২০২৬
নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - তৃতীয় পর্ব

মৎসদেশের মহারাজ বিরাট নিজের সিংহাসনে বিরাজমান, এখনো পর্যন্ত মোট চারজন তার রাজদরবারে নিযুক্ত হয়েছেন বিভিন্ন কাজে। একজন সুদর্শন ব্যক্তি প্রথমে এসে নিজের পরিচয় দিয়েছেন অঙ্কন নামে, তিনি নাকি পাশা খেলায় পারদর্শী আর কে না জানে মহারাজ বিরাট পাশা খেলায় তীব্র আসক্ত।কিছুক্ষন পরেই আরো একজন ব্যক্তি এলেন আর নিজের পরিচয় দিলেন তন্ত্রীপাল বলে, তিনি নাকি গো রক্ষক ছিলেন ইন্দ্রপ্রস্থ্যর গোশালায়। এনার পরে জিনিস এলেন তাকে নিঃসন্দেহে এই ভূভারতের সবচেয়ে সুদর্শন ব্যক্তিগত বলা চলে আর ইনি কিনা নিজেকে পরিচয় দিলেন গ্রন্থিক বলে আর কাজ চাইলেন মহারাজের অশ্বসালায়। গ্রন্থিক যখন রাজসভায় পদার্পন করে নিজের পরিচয় দিচ্ছিলেন তখন অন্দরমহলের নারীরাও পর্দার আড়ালে উপস্থিত হয়ে চাক্ষুস করছিলেন এই পুরুষকে। মহামন্ত্রী বলেও বসলেন, তোমায় দেখে মনে হয়না এই কাজ তোমার পেশা। তখন গ্রন্থিক বলেন, মহামন্ত্রী, আজ পর্যন্ত আমি যেখানেই উপস্থিত হয়েছি সেখানেই এই একই কথা শুনেছি তবে বিশ্বাসযোগ্য নাহলেও এটাই সত্যি যে মহারাজ যুধিষ্টিরের পতনের পর এই অধমের কপালে চরম দুর্যোগ নেমে এসেছে।গ্রন্থিক বিদায় নেওয়ার পরেই সেখানে উপস্থিত হন সৈরিণী, এক অপরূপ নারী। চোখ যেন পদ্মফুল আর শরীরে অগ্নিদেবের তেজ। সেই নারী নিজেকে পরিচয় দিলেন মহারানী দ্রৌপদীর পরিচারিকা হিসাবে কিন্তু মহারাজের প্রধান সেনাপতির এই কথা বিশ্বাস হলোনা, এতক্ষন তিনি সৈরিণীর রূপে এতটাই ডুবে গেছেন যে এই নারীকে না পেলে তার জীবন বৃথা মনে হচ্ছে, সৈরিণীর উদ্দেশ্যে তিনি বললেন, তুমি দ্রৌপদীর পরিচারিকা ছিলে কিনা সে বিষয়ে আমি সন্দীহান কারণ রূপ রসে তুমি কোনোদিক থেকেই দ্রৌপদীর থেকে কম নও। সৈরিণী বুঝলেন সেনাপতি কিচকের অভিসন্ধি কিন্তু এই মুহূর্তে এই কাজের বড্ড দরকার তার। মহারাজ তাকে মহারানী সুদেষ্ণার পরিচারিকা রূপে নিযুক্ত করলেন।এরপর যিনি এলেন তিনি যেন এক পাহাড়সমান লম্বা এবং শরীর দেখলে যেকোনো বীরের বুকে কম্পন সৃষ্টি হতে পারে আর এই ব্যক্তি এসে দাবি করলেন তিনি নাকি অসাধারণ রাঁধতে পারেন। কথাটা সত্য কিনা জানতে তৎক্ষণাৎ মহারাজ তাকে প্রমান দিতে বললেন আর নিয়ে গেলেন রন্ধনসালায়। বল্লভও প্রমান দিলেন তার হাতের জাদু, মহারাজ তখনই তাকে রন্ধনসালায় প্রধান ঠাকুর হিসাবে নিযুক্ত করলেন।এর কিছুক্ষন পর সভায় এসে উপস্থিত হলেন যিনি তাকে দেখে সকলে বেশ অবাক হলেন। শরীর একজন বীরপুরুষের ন্যায়, চোখের তেজ দেখলে মনে হয় এক দুর্নিবার যোদ্ধা কিন্তু পরনের পোশাক নারীদের ন্যায়, এমনকি কণ্ঠস্বরও নারীদের মতন, তিনি নিজেকে পরিচয় দিলেন বৃহন্নলা হিসাবে আর প্রার্থনা করলেন কুমারী উত্তরার নৃত্য গুরু হওয়ার। মহারাজ বহুদিন যাবৎ একজন গুরুর সন্ধান করছিলেন বটে কিন্তু সে এভাবে হাজির হবে তিনি ভাবেন নি। নিজের কৌতূহল চাপতে না পেরে তিনি বললেন, বৃহন্নলা, তোমার মতো ব্যক্তিদের এই কাজ না করে যুদ্ধে যাওয়া উচিত, তুমি তোমার বাহুবলে জিতে নিতে পারো যেকোনো যুদ্ধ। বৃহন্নলা, মহারাজ, যুদ্ধের প্রতি আমার কোনো টান নেই তবে প্রয়োজনে অস্ত্র তুলতেও আমার কোনো আপত্তি নেই তবে আপাতত আমার এই কাজের খুব দরকার। কৃপা করে এই অধমকে সাহায্য করুন। মহারাজ বিরাট, ঠিক আছে তবে তাই হোক, আজ থেকে রাজকুমারী উত্তরা আর তার সখীদের নৃত্যগুরু হয়েই তুমি থাকো নাহয়। বৃহন্নলা এভাবেই প্রবেশ করলেন রাজপ্রাসাদের অন্ধরমহলে, পরিচয় হলো তার এক রাজকুমারী উত্তরার সাথে। রাজকুমারী উত্তরা যখন নিজের গুরু বৃহন্নলাকে প্রণাম করছিলেন তখন নিজের অজান্তেই কেমন যেন ভাবুক হয়ে উঠেছিলেন বৃহন্নলা। সেইদিন রাতে সৈরিণীর সাথে আলাপ হয় তার আর সৈরিণী বৃহন্নলার প্রতি সন্দেহের চোখে তাকান, তার দৃষ্টি এটা বলে দেয় যে তিনি মোটেও সন্তুষ্ট নন যে বৃহন্নলা সারাদিন নারীবেষ্ঠিত হয়ে থাকবেন এরপর থেকে।তবে বৃহন্নলা সৈরিনিকে বলেন, রাজকুমারী উত্তরাকে দেখে আজ বড্ড মনে পড়ছে আমার শিশু সন্তানের কথা, সেও আজ এতটাই বড়ো হয়ে গেছে হয়তো। দ্বারকায় নিজের মামার কাছে ভালোই আছে আশা করি, তাকে দেখতে বড্ড মন চায়। সে এখন কেমন হবে বলে মনে হয় সৈরিণী? সৈরিণী বৃহন্নলার এই স্বভাবের ব্যাপারে অবগত। দুনিয়া তাকে যেভাবেই চিনুক সৈরিণী চেনে তার এই প্রেমিক পুরুষকে যার মন যথেষ্টই কোমল। সৈরিণী জবাব দেয়, মাধব যার উপর ছত্রছায়া হয়ে রয়েছেন সে অবশ্যই বড়ো বীর।বৃহন্নলা সস্নেহে জড়িয়ে ধরেন সৈরিনিকে।দ্বারকা নগরী: এক অষ্টদশী যুবক একে একে ঘায়েল করে চলেছেন বিশালকার মোল্লযোদ্ধাদের। তার তীরের নিখুঁত নিশানায় চূর্ণ হয়ে চলেছে প্রতিপক্ষের সমস্ত অস্ত্র। একসময় একটা তীর গিয়ে মহামহিম বলরামের হাত থেকেও তার গদা ফেলে দেয়। মহামহিম বলরাম ক্রধিত হওয়ার পরিবর্তে গর্বিত বোধ করেন আর বলেন, মামা শ্রী কৃষ্ণের পরম শিষ্য এতো বড়ো ধনুর্ধারি হয়ে উঠেছে যে আর এক মামার হাত থেকে গদা ফেলে দিতে পারে। বড়ো যোদ্ধা হও ভাগ্নে এই আশীর্বাদ করি তোমায়। বাসুদেব শ্রী কৃষ্ণও এসে উপস্থিত হলেন নিজের ভাগ্নের কীর্তি দেখতে সাথে ভগিনী সুভদ্রা। সামনে তখনও ধনুক হাতে দাঁড়িয়ে অর্জুনপুত্র অভিমুন্য, সকলকে প্রমান জানালেন।শ্রী কৃষ্ণ সুভদ্রাকে বললেন, অর্জুনের প্রতিভা আর তোমার গুনের মিশ্রনে অভিমুন্য এক অজেয় যোদ্ধা, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে অভিমুন্যর নাম। ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ২৩, ২০২৬
কলকাতা

এখনও জ্ঞান ফেরেনি রেখা পাত্রের, ভেন্টিলেশনে রেখেই চলছে চিকিৎসা, কী বলছে হাসপাতাল?

বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র। এখনও বিপদমুক্ত নন তিনি। ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, গতকালের পর থেকে তাঁর শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তবে এখনও পর্যন্ত উন্নতির কোনও লক্ষণও দেখা যায়নি। ফলে উদ্বেগ কাটছে না চিকিৎসকদের।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রেখা পাত্রের সিটি স্ক্যান করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, তাঁর ফুসফুসে বিষাক্ত লালারস ও জলীয় পদার্থ জমা হচ্ছে। চিকিৎসকদের আশঙ্কা, এর ফলে ফুসফুসের সমস্যা আরও বাড়তে পারে। দীর্ঘ সময় ধরে অচেতন থাকায় তিনি নিজে থেকে লালারস গিলতে পারছেন না। সেই লালারসই ফুসফুসে ঢুকে যাচ্ছে। তাঁর শ্বাসকষ্ট রয়েছে। ফুসফুস ঠিক ভাবে কাজ করছে কি না, তা নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকরা।শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিবারের সদস্য এবং বিজেপি কর্মীদের উদ্যোগে প্রথমে তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতায় স্থানান্তরিত করা হয় বিজেপি বিধায়ককে। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, এখনও তাঁর জ্ঞান ফেরেনি। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মস্তিষ্কেও অসুস্থতার প্রভাব পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।সব মিলিয়ে, নতুন করে শারীরিক অবস্থার অবনতি না হওয়া কিছুটা স্বস্তি দিলেও রেখা পাত্রের বিপদ এখনও কাটেনি। কবে তাঁর জ্ঞান ফিরবে এবং কখন শারীরিক অবস্থার উন্নতি হবে, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

নভেম্বর ২৩, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal